• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

যিশুর জীবনদর্শন শান্তি প্রতিষ্ঠায় পথপ্রদর্শক : এনডিপি

প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৭:১৩
আপডেট: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৭:১৩

যিশুর জীবনদর্শন শান্তি প্রতিষ্ঠায় পথপ্রদর্শক : এনডিপি

বর্তমান পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যিশুর জীবনদর্শন আর্দশ হতে পারে।
আজ খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এক বিবৃতি দিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা।

নেতৃবৃন্দ বলেন , মানবজাতির মুক্তির লক্ষ্যে এ পৃথিবীতে মহামতি যীশুখ্রিস্টের আবির্ভাব ছিল এক অবিস্মরণীয় ঘটনা। পৃথিবীকে শান্তির আবাসভূমিতে পরিণত করতে বহু ত্যাগ-তিতীক্ষা সহ্য করে যীশুখ্রিস্ট সৃষ্টিকর্তার মহিমা প্রচারসহ খ্রিস্টধর্মের সুমহান বাণী প্রচার করেন। যীশুখ্রিস্ট পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানান। আদর্শ মানব সভ্যতার ক্রম বিকাশে তাঁর প্রচারিত বাণী যেমন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, তেমনি আজও বিশ্ববাসীকে ভ্রাতৃত্ব বন্ধনের জন্য সরল পথে উৎসাহিত করছে।

২৫ ডিসেম্বর খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে বিশ্বের সকল খ্রিষ্টান তথা সকল মানুষের প্রতি শুভেচ্ছা বানী জানান এনডিপি।

নেতৃদ্বয় শুভ বড়দিনকে পূণ্যদিন হিসেবে আখ্যায়িত করে বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের সংবিধান সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করেছে। এখানে রয়েছে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজস্ব ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা।

তারা বলেন, যিশু সব মানুষের জন্য সমান সুযোগ দেয়ার কথাও শুনিয়েছেন। আধুনিক গণতন্ত্রের মর্মকথাও তা-ই। সভ্যতার ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীদের জীবন ও দর্শনেই যিশুর প্রভাব পড়েনি, পুরো মানবসভ্যতাই কিছু না কিছু মাত্রায় প্রভাবিত হয়েছে।

নেতৃবৃন্দ সবশেষে আশা করেন, এ ধর্মীয় উৎসবে সব ধর্মের মানুষের মধ্যে সংহতি গড়ে উঠবে এবং তা বিশ্বভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করবে।