ঢাকায় বিএনপির পূর্বঘোষিত গণমিছিল শেষ হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপল্টন থেকে মিছিলটি শুরু হয়। মালিবাগ, শান্তিনগর ও মৌচাক মোড় হয়ে মগবাজারে গিয়ে বিকেল ৪টা ১০ মিনিটে গণমিছিল শেষ হয়।
মগবাজারে মোড়ে গণমিছিল পৌঁছানোর পর সেখান থেকে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। তিনি বলেন, ‘আমাদের আজকের গণমিছিল এখানেই শেষ। আমি মিছিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাবেন। পথে কোনো ধরনের ঝামেলা করবেন না।’
ওই সময় আমান মগবাজার মোড় ও রাস্তা ছেড়ে দিতেও নেতাকর্মীদের নির্দেশ দেন। কারণ মিছিলের পেছনে যারা আছেন, তারাও মগবাজার এসে মিছিল শেষ করবেন।
গণমিছিল শেষের স্থান অর্থাৎ মগবাজার মোড় ও আশপাশের এলাকা নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এদিকে, গণমিছিল শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।
বিএনপির মিছিল মগবাজারে পৌঁছার পর নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন আমানউল্লাহ আমান।
সমাবেশ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন। আগামী ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি করবে দলটি।













