ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হতে যাচ্ছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র কিনেছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) জমা দিয়েছেন।
এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী রকিব সরকার ও আরো অন্যান্য নেতাকর্মী।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর বেশ আত্মবিশ্বাসী মাহি। তিনি মনে করছেন দল থেকে তিনিই প্রার্থী হিসেবে চূড়ান্ত হবেন। জয়ও ছিনিয়ে আনবেন। সেই লক্ষ্যে চলছে প্রচার।
তারই অংশ হিসেবে মাহি এবার দোয়া নিতে গেলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী মতিয়া চৌধুরীর।
মাহি তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন মতিয়া চৌধুরীর সঙ্গে। এ সময় তাদের পাশে দেখা গেছে মাহির স্বামী রকিব সরকারকেও।
ছবি পোস্ট করে মাহি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ধন্য।’

