• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন

প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ২:৫৪
আপডেট: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ২:৫৪

নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ১০ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

মাহবুব হোসেন গত বছরের ২ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সিনিয়র সচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৬ (অষ্টম) ব্যাচের সদস্য মাহবুব হোসেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সিভিল সার্ভিসে যোগদান করেন। চাকরিজীবনের বিভিন্ন সময়ে তিনি বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সহকারী/সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।