ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা পরীমণি। ভালোবেসে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। তবে মাঝে তাদের সংসারে একটু সমস্যা তৈরি হয়েছিল।পরে অবশ্য নিজেদের মধ্যে সকল দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সুখে-শান্তিতে একই ছাদের নিচে বসবাস করছেন তারা।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণি অভিনীত নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। আপাতত সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নায়িকা। ইতোমধ্যে নতুন সিনেমার ঘোষণা দিলেন তিনি। সিনেমার নাম ‘চলো বদলে যাই’।
রোববার (৮ জানুয়ারি) রাতে ফেসবুকে নির্মাতা রায়হান জুয়েলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, ‘চলো বদলে যাই।’ নিচে ইংরেজিতে লেখেন, ‘আওয়ার নেক্সট।’
এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই পুত্র রাজ্যকে নিয়ে দীর্ঘদিন পরে পোস্ট দিলেন তিনি। বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমার পদ্মফুল’। আর এতেই ভক্তদের প্রশংসায় ভাসতে থাকেন তিনি।
অন্যদিকে আরো জানা যায়, এ মাসের ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’-এর আসর। প্রবাসে বসবাসরত বাঙালি রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেবেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন শরীফুল রাজ ও পরীমণিও।

