মূল সড়কে যান চলাচল স্বাভাবিক রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের বুধবারের পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচি পালন করতে পারবে। এমন মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ডিএমপি প্রধান আরও বলেন, রাজধানীতে অবস্থান কর্মসূচি পালনে বেশকিছু রাজনৈতিক দল অনুমতি চেয়েছে। বুধবার লাখ লাখ মানুষ অফিসে যাতায়াত করবে। তাই যানবাহন চলাচল যেন বন্ধ না হয়। যানবাহন চলাচল স্বাভাবিক রেখে কর্মসূচি পালনের জন্য বলেছি। আমি সব দলের রাজনৈতিক কর্মসূচির প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে অনুরোধ করছি, তারা যেন কোনো ধরনের রাস্তা অবরোধ না করে। আমার প্রত্যাশা থাকবে, তারা যান চলাচল স্বাভাবিক রেখে জনদুর্ভোগ কমিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করবে। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। এক্ষেত্রে আমাদের তরফ থেকেও সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। যারা যারা অনুমতি চেয়েছে তারা ফুটপাতে বসে তাদের অবস্থান কর্মসূচি পালন করবে। এই অনুমতি আমরা দিয়েছি।

