• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে আমরা পরামর্শ দিই: ডোনাল্ড লু

প্রকাশ: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ৪:২৭
আপডেট: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ৪:২৭

গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে আমরা পরামর্শ দিই: ডোনাল্ড লু

নিউজ ডেস্ক
গণতন্ত্র ও মানবাধিকার আমাদের কেন্দ্রবিন্দু, এটা নিয়ে আমরা পরামর্শ দিই বলে জানিয়েছেন ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিনি বলেছেন, জিএসপি সুবিধা চালু হলে প্রথমে বাংলাদেশ এ সুবিধা পাবে।

রোববার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়ে আমাদের ভালো আলোচনা হয়েছে। সন্ত্রাস প্রতিরোধে বাংলাদেশ ইতিবাচক ভূমিকা রাখছে।

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু।

ঢাকা সফর প্রসঙ্গে তিনি বাংলায় বলেন, মনোমুগ্ধকর অতিথিপরায়ণ মানুষের দেশে বন্ধুত্ব শক্তিশালী করতে এসেছি।

এদিকে ব্রিফিংয়ে ড. মোমেন বলেন, আমরা ভালো সাজেশন পেলে অবশ্যই সেটা নেবো। আমরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আওয়ামী লীগ বুলেটে নয়, ব্যালেটে বিশ্বাসী।

গতকাল শনিবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকায় পৌঁছে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের বাসায় নৈশভোজে অংশ নেন এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু। এসময় দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে তারা আলোচনা করেন।