• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

তাহিরপুরের বরছড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশ: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ২:৫০
আপডেট: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ২:৫০

তাহিরপুরের বরছড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জের তাহিরপুরের বরছড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দেলোয়ার হোসেন (২৮) নামে বাংলাদেশি এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুংগাছড়া গ্রামের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হন দেলোয়ার হোসেন। এদিন সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার ছোট ভাই আমির হোসেন।

নিহত দেলোয়ার হোসেন তাহিরপুর সীমান্তের বুরুংগাছড়া গ্রামের মো. রাশেদ মিয়ার ছেলে। তার দুই সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুংগাছড়া গ্রামের বাসিন্দা হনুফা বেগম সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে পাথর তুলতে গেলে এসময় বিএসএফের টহলরত এক সদস্য এসে মহিলাকে লাঠি দিয়ে আঘাত করেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গ্রামের বাসিন্দারা বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল মারতে থাকেন। বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া দেন। পরে বিএসএফ সদস্যরা বাংলাদেশের ৫০ গজ ভেতরে এসে তিন রাউন্ড ছড়া গুলি করে। এতে বুরুংগাছড়া গ্রামের দেলোয়ার হোসেনের কোমরের নিচে গুলি লাগে। পরে তাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত হনুফা বেগমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়।

সুনামগঞ্জ ২৮ বিজিবির পরিচালক অধিনায়ক মো. মাহবুবুর রহমান (পিবিজিএম) বলেন, ‘গুলিবিদ্ধ দেলোয়ার মারা গেছেন এমন সংবাদ তিনিও শুনেছেন। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কোম্পানি ও ব্যাটেলিয়ন পর্যায়ে শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ৩ ঘণ্টা পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন। এছাড়াও ব্যাটালিয়নের পক্ষ থেকে ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের কাছে প্রতিবাদ লিপি দ্রুত পাঠানো হবে।’