বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদারের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার এ উপলক্ষ্যে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসায় দোয়া অনুষ্ঠান হয়েছে।
বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
২০০৮ সালের এ দিনে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তৈয়বা মজুমদার ইন্তেকাল করেন। মায়ের মৃত্যুকালে বেগম জিয়াসহ তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সেনাসমর্থিত জরুরি সরকারের কারাগারে বন্দি ছিলেন। পরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের লাশ দেখেন বেগম জিয়া ও তার দুই ছেলে। রাজধানীর গুলশান আজাদ মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯২১ সালের ১৮ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে তৈয়বা মজুমদার জন্মগ্রহণ করেন। মরহুমার তিন মেয়ের মধ্যে বেগম জিয়া সবার ছোট। দ্বিতীয় মেয়ে চারদলীয় জোট সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী খুরশিদ জাহান হক। তিনি ২০০৭ সালে ইন্তেকাল করেন। বড় মেয়ে সেলিমা ইসলাম। তিনি ঢাকায় থাকেন।
মরহুমার দু’ছেলের মধ্যে বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সাইদ এস্কান্দার। তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন। তার ছোট ছেলে শামীম এস্কান্দার। তিনি ২৩ সেপ্টেম্বর ২০১২ সালে ইন্তেকাল করেন।

