• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গ্যাসের মূল্যবৃদ্ধি শিল্প খাতকে বিপদগ্রস্ত করবে : জাতীয়তাবাদী সমমনা জোট

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ৬:০৯
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ৬:০৯

গ্যাসের মূল্যবৃদ্ধি শিল্প খাতকে বিপদগ্রস্ত করবে : জাতীয়তাবাদী সমমনা জোট

বিদ্যুতের মূল্য বাড়ানোর এক সপ্তাহের ব্যবধানে গ্যাসের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেন, আজকে দেশে একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই, জবাবদিহিতা নেই। তারা একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিতে পারছে।

সমমনা জোটের নেতারা বলেন, অর্থনৈতিকভাবে দেউলিয়া এই অবৈধ সরকার আইএমএফ’র ঋণের শর্তের বেড়াজালে জনগণের ভোগান্তির কথা চিন্তা না করে যেভাবে গ্যাসের মূল্য বাড়িয়েছে তা দেশের শিল্প খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। শিল্পখাত আরো বিপদগ্রস্ত হবে।

তারা বলেন, ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে এবং ভারতীয় ব্যবসায়ীদের এ দেশে একচ্ছত্র ব্যবসা করার সুবিধা দিতে বিদ্যুৎ খাতে যেভাবে প্রতি ঘন মিটারে গ্যাসের দাম তিনগুণ বাড়ানো হয়েছে তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ।

নেতারা দেশের জনগণকে অবিলম্বে এ সরকারকে ক্ষমতা থেকে হটাতে ঐক্যবদ্ধভাবে রাজপথে এক দফার দাবি আদায়ে নেমে আসার আহ্বান জানান।

বিবৃতিদাতারা হলেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, ডিএল’র সাইফুদ্দিন আহমেদ মনি, বিকল্পধারা বাংলাদেশে অধ্যাপক ড. নুরুল আমিন বেপারি, বাংলাদেশ ন্যাপের এম এন শাওন সাদেকী, পিপলস লীগের অ্যাডভোকেট গরিবে নেওয়াজ, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, সাম্যবাদী দলের নূরুল ইসলাম, মুসলিম লীগের ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার নাসিম, গণদলের এ টি এম গোলাম মাওলা চৌধুরী এবং মাইনরিটি পার্টি চেয়ারম্যান সুকৃতি মণ্ডল প্রমুখ।