• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজধানীতে র‍্যাব পরিচয়ে অপহরণ চেষ্টা, ৩ জন গ্রেফতার

প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ৭:৫০
আপডেট: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ৭:৫০

রাজধানীতে র‍্যাব পরিচয়ে অপহরণ চেষ্টা, ৩ জন গ্রেফতার

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে গাড়ির থামিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য পরিচয়ে দুই ব্যক্তিকে অপহরণ চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম মিয়া শনিবার (২১ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন র‌্যাব পরিচয় দানকারী মো. মুমিনুল, তার গাড়িচালক ও তার এক আত্মীয়।

ওসি নুরে আযম জানান, মহাখালী ফ্লাইওভারে শুক্রবার রাতে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে দুই ব্যক্তিকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী শহিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ২১। গ্রেফতারকৃতদের মধ্যে মুমিনুল নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়েছেন। তার পরিচয় পুলিশ যাচাই-বাছাই করে দেখছে।

তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ভুক্তভোগী শহিদুল ইসলামের গাড়ি মহাখালী ফ্লাইওভারের মাঝামাঝি পোঁছালে পেছন থেকে একটি গাড়ি এসে তাদের গতিরোধ করে। ওই গাড়িতে থাকা চার ব্যক্তি নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে অস্ত্র দেখিয়ে হাতকড়া পরান ওই দুই ব্যক্তিকে। হাতকড়া পরানোর পর তারা ভুক্তভোগীদের মারধর করেন।

মারধরের পর সন্দেহের জেরে চিৎকার শুরু করেন ভুক্তভোগীরা। এ সময় ঘটনাস্থলে এসে দুষ্কৃতিকারীদের থামান এক ব্যক্তি। থামিয়ে পুলিশে ফোন দেন ওই ব্যক্তি। পুলিশে ফোন দেওয়ার পর চক্রটির সদস্যরা যে যেভাবে পারেন পালিয়ে যান। চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন এক পুলিশ সদস্যও। তিনি স্থানীয়দের সহযোগিতায় এক দুষ্কৃতিকারীকে আটক করে বনানী থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুজনকে আজ শনিবার গ্রেফতার করে বনানী থানা পুলিশ।