• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণফোরাম-পিপলস পার্টি বুধবার একসঙ্গে বিক্ষোভ সমাবেশ করবে

প্রকাশ: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ১০:২২
আপডেট: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ১০:২২

গণফোরাম-পিপলস পার্টি বুধবার একসঙ্গে বিক্ষোভ সমাবেশ করবে

সরকারবিরোধী জোটগত আন্দোলনে থাকবে মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম ও বাবুল সর্দার চাখারীর নেতৃত্বাধীন পিপলস পার্টি। আগামী বুধবার (২৫ জানুয়ারি) গণতন্ত্র পুনরুদ্ধারে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ নির্দলীয় সরকারের দাবিতে আরামবাগ গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে এই দুটি দল। বিএনপির ঘোষিত যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে তারাও ওইদিন একই কর্মসূচি পালন করবে।

আজ রোববার মোস্তফা মোহসীন মন্টুর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, গণফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক ও পিপলস পার্টির মহাসচিব আবদুল কাদেরসহ অনেকে।

মোস্তফা মোহসীন মন্টু বলেন, গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনসাধারণের নাভিশ্বাস উঠেছে। জনগণের শান্তির কোনো ব্যবস্থা এই কর্তৃত্ববাদী সরকার করে নাই। ২০১৪ ও ২০১৮ সালে যথাক্রমে ভোটারবিহীন নির্বাচন ও ভোট ডাকাতির নির্বাচনে দলীয় সরকারের অধীনে অগ্রহণযোগ্য নির্বাচনে জবরদখল করে ক্ষমতায় এসেছে। জনগণের প্রতি চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে যাচ্ছে গণবিরোধী সরকার।