বাংলাদেশের উন্নয়নকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করে সব সময় উন্নয়নের ধারায় ঢাকার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংকের এমডি অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবাগ। তিনি বলেছেন, ১৯৭২ সাল থেকে আমরা বাংলাদেশের পাশে আছি এবং আমাদের সমর্থন অব্যাহত রাখব।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে (পিএমও) সৌজন্য সাক্ষাত করেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবাগ। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উদ্ভূত সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার জন্য বিশ্বব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিদ্যমান সংকট মোকাবেলায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করুন।
বিশ্ব ব্যাংকের এমডি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

