• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জনগণের ঐক্যবদ্ধ উত্থানই প্রবল স্বৈরাচারের পতন ঘটাতে পারে : সাকি

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ৯:৩১
আপডেট: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ৯:৩১

জনগণের ঐক্যবদ্ধ উত্থানই প্রবল স্বৈরাচারের পতন ঘটাতে পারে : সাকি

ডেস্ক নিউজ

বিভ্রান্তি ও বিভেদের ফাঁদে পা না দিয়ে ফ্যাসিবাদের পতনে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার সংগ্রাম আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, গণআন্দোলন-গণজোয়ারে ইতোমধ্যে ভীত হয়ে পড়েছে সরকার।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে দলীয় কার্যালয়ে গণসংহতি আন্দোলন ঢাকা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ’৬৯ এর গণঅভ্যুত্থান এবং আমাদের সময়ের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন সাকি।

সভায় জোনায়েদ সাকি বলেন, বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকার গণআন্দোলন-গণজোয়ারে ইতোমধ্যেই ভীত হয়ে পড়েছে এবং পুরোনো সব স্বৈরাচারের পথ অবলম্বন করে প্রতিনিয়ত বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু কোনো মিথ্যাচার কিংবা ষড়যন্ত্রই গণজোয়ার থামাতে পারবে না। বরং ঊনসত্তরের গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দেয় যে, জনগণের ঐক্যবদ্ধ উত্থানই প্রবল স্বৈরাচারের পতন ঘটাতে পারে। ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে জনগণের ক্রমবর্ধমান বৃহত্তর ঐক্য, গণজাগরণ-গণঅভ্যুত্থান বর্তমান সরকারেরও পতন ঘটাবে।

গণসংহতি আন্দোলনের ঢাকা জেলা কমিটির আহ্বায়ক বাচ্চু ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু প্রমুখ।