• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজশাহীতে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের গল্প শুনতে জনসভায় মানুষের ঢল নামবে

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ৯:২০
আপডেট: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ৯:২০

রাজশাহীতে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের গল্প শুনতে জনসভায় মানুষের ঢল নামবে

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ বছর পর রাজশাহীতে আসছেন। এর আগেও তিনি এসেছেন, তবে এবারের সাড়াটা ভিন্ন রকম। কারণ, তিনি ইতিমধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করে ফেলেছেন, তরুণ প্রজন্ম সেটি গ্রহণ করেছে। নারীর ক্ষমতায়ন করেছেন, নারীরা প্রধানমন্ত্রীর প্রতি আস্থা স্থাপন করেছে।’

তিনি বলেন, ‘অবকাঠামো উন্নয়নসহ দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার যে কথা তিনি বলেছেন, যেটি এবারের নির্বাচনের মূল প্রতিবাদ্য বিষয়। সেই স্মার্ট বাংলাদেশের কথাগুলো শুনবার জন্য মানুষ জনসভায় আসতে চায়, মানুষ কাছে এসে নিজের কানে শুনতে চায়, প্রধানমন্ত্রীকে নিজের চোখে দেখতে চায়, সেজন্য ব্যাপক সাড়া পড়েছে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের কথা শুনতে জনসভায় মানুষের ঢল নামবে। জনসভা জনসমুদ্রে পরিণত হবে।’

আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীতে বিশাল জনসভা সফল করার লক্ষ্যে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ছাত্রসমাজ ও তরুণপ্রজন্মকে ঐক্যবদ্ধ করতে আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহী মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন। প্রধান আলোচক ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।