• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-২ ভোট চলছে, এখনও ‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থী আসিফ

প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৫১
আপডেট: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৫১

ব্রাহ্মণবাড়িয়া-২ ভোট চলছে, এখনও ‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থী আসিফ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চললেও এখনও ‘নিখোঁজ’ রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে ১৩২টি কেন্দ্রে একযোগে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। তবে বেশিরভাগ কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি কম।

তবে ফাঁকা কেন্দ্রেই সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটগ্রহণ নিরাপদ এবং নির্বিঘ্নে করতে ১১০০ পুলিশ সদস্য, ১৫৮৪ জন আনসার সদস্য, ৪ প্লাটুন বিজিবি সদস্য এবং র‍্যাবের ১০টি টিম কাজ করছে। এছাড়া ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এই আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন- বিএনপির দলছুট নেতা আব্দুস সাত্তার ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাষানী এবং জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে শীতের কারণে ভোটারদের উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

এদিকে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ গত ২৭ জানুয়ারি থেকে ‘নিখোঁজ’ আছেন বলে দাবি তার পরিবারের। এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার চারদিন পর আসিফের সন্ধান এবং সুষ্ঠু নির্বাচনের জন্য গতকাল মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তার স্ত্রী মেহেরুন নিছা।