জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে ক্ষমতায় আসিনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাতাল মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন শেষে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশ দুরন্ত গতিতে এগিয়ে চলছে। গত ১৪ বছরে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ঢাকার যানজট মুক্ত করার লক্ষ্যে মেট্রোরেল চালু করা। আমরা সেটা করেছি। আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এখানে অনেকগুলো প্রকল্প কাজ চলমান। পূর্বাচল স্মার্ট সিটি হবে। নারায়ণগঞ্জকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চাই।
শেখ হাসিনা বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছিলাম। এ সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল। আমরা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছি। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে আসিনি।
দুর্নীতির প্রসঙ্গে সরকার প্রধান বলেন, দুর্নীতির প্রশ্নই ওঠে না। যতই আন্দোলন করুক কেউ কিছু করতে পারবে না যতদিন জনগণ আমাদের সাথে আছে।
কৃষি নিয়ে শেখ হাসিনা বলেন, আপনারা সাশ্রয়ী হোন। কোনো জায়গা খালি রাখবেন না। যেখানে যা পারেন তা চাষাবাদ করেন। আপনারা আমাদের সহযোগিতা করেন।

