• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

টুর্নামেন্টসেরার পুরস্কার হাতে বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২৫
আপডেট: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২৫

টুর্নামেন্টসেরার পুরস্কার হাতে বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র

আগেও দুইবার দলকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু শিরোপা জেতা হয়নি। এবার হলো স্বপ্ন পূরণ। শামসুন্নাহারের অধিনায়কত্বে নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী সাফ ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ। আক্ষেপ ঘুচেছে শামসুন্নাহার জুনিয়রের।

শুধু তাই নয়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাবও জিতেছেন শামসুন্নাহার। ৫ গোল দিয়ে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতাও তিনি।

রাউন্ড রবিন লিগে ভুটানকে হারিয়ে বাংলাদেশকে ফাইনালে তোলা ম্যাচে শামসুন্নাহার করেন হ্যাটট্রিক। বৃহস্পতিবার ফাইনালে নেপালকে ৩-০ ব্যবধানে হারানোর পথেও একটি গোলও করেন তিনি।

সব মিলিয়ে শিরোপা জেতার পর অনেকটা রোমাঞ্চে ভেসে গেলেন শামসুন্নাহার। তিনি বলেন, ‘অনেক ভালো লাগছে। এর আগে দুই আসরে অধিনায়কত্ব করে ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারিনি, এই প্রথম শিরোপা জিতলাম। আমাকে নিয়ে সবার একটা আক্ষেপ ছিল। বলত, তুমি কেন শিরোপা আনতে পারো না? তোমার হাতে ট্রফি নাই।’

‘এবার আমি নিজের সর্বোচ্চটা দিয়েছি, আশা করেছি, এবার ঘরের মাঠে খেলা, ট্রফিটা যেন ঘরেই থাকে। সবচেয়ে বড় পাওয়া অধিনায়ক হিসেবে আমি চ্যাম্পিয়ন হয়েছি, আমার টিম চ্যাম্পিয়ন হয়েছে। এটা ভাগ্যের ব্যাপার। দলের সবাইকে ধন্যবাদ।’

২০১৯ সালে অনূর্ধ্ব-১৫ দলে এবং গত বছর অনূর্ধ্ব-১৮ দলের অধিনায়ক ছিলেন শামসুন্নাহার। দুই আসরে ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেননি।