• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি শেষ পর্যন্ত পানি ঘোলা করে হলেও নির্বাচনে আসবে : কাদের

প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:১৬
আপডেট: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:১৬

বিএনপি শেষ পর্যন্ত পানি ঘোলা করে হলেও নির্বাচনে আসবে : কাদের

নির্বাচনে না এলে বিএনপিকে পালাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, এবার খেলা হবে। খালি মাঠে গোল দেব না, শক্ত খেলা চাই। বিএনপি শেষ পর্যন্ত পানি ঘোলা করে হলেও নির্বাচনে আসবে। আসবে, শেষ বেলায় আসবে। গতবারও তারা বলেছিল নির্বাচনে আসবে না। শেষ পর্যন্ত কী হলো, আসলো। না এসে যাবে কোথায়। না এলে পালাতে হবে। একজন পালিয়েছে, বাকিরাও পালাবার পথ খুঁজবে। আওয়ামী লীগ পালায় না।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির গণঅভ্যুত্থান গোপালগঞ্জের গরুর হাটে গিয়ে গুরুতর আহত। আহত হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে পদযাত্রা করছে, ছুটতে আর পারছে না। শহরে, বিভাগে জেলায় জেলায় সমাবেশ ডেকে এখন আবার ইউনিয়নে, গ্রামে পদযাত্রা করছে। খোঁজ নিয়ে দেখুন, কয়টা ইউনিয়ন বিএনপির পদযাত্রা করছে। আমাদের সারা বাংলাদেশে শান্তির সমাবেশ সফল হচ্ছে।

কাদের বলেন, বিএনপি ডাকে মহাসমাবেশ। হয়ে যায় কোনো রকম একটা সমাবেশ। সমাবেশ হয় আওয়ামী লীগের মহাসমাবেশ। বিএনপির মহাসমাবেশ কোনো রকম সমাবেশ হতেও কষ্ট হয়। বিএনপি এ পর্যন্ত যতটা সমাবেশ করেছে, হাওর-বাঁওড়ের এলাকা সুনামগঞ্জে দুপুরে তার চেয়ে বেশি মানুষ হয়েছে।