সরকারি কাজে বাঁধা প্রদান, ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি, ১২টি মোটরসাইকেল পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় প্রায় ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। প্রতিটি মামলায় ১৯৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দুই থেকে তিনশ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এসব মামলায় ইতোমধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার রাতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে একটি ও কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী হয়ে অপর মামলাটি করেন। মামলায় জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
এ মামলায় গ্রেপ্তাররা হলেন, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহরিয়ার শিপু, বিএনপি নেতা জহিরুল ইসলাম, হাবিব শেখ শামছুল আলম, মুছা, কাওছার, নুরনবী, মিজান ও আল-আমিন।
আজ রোববার সকালে সদর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, শনিবার সকালে পদযাত্রার নামে পাইকপাড়া বাজারে ককটেল বিস্ফোরণ, মোটর সাইকেল পোড়ানো ও ভাঙচুরের অভিযোগে দুটি মামলা দায়ের হয়েছে। এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে যুবদল সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুসহ ১৯৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দুই থেকে তিনশ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
অপরদিকে কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী হয়ে একই আসামিদের বিরুদ্ধে অপর মামলাটি দায়ের করেছেন। গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে মামলার ১০ আসামিকে।
উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ী আঞ্চলিক সড়কের পাইকপাড়া এলাকায় বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ, ১২টি মোটর সাইকেলে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে।













