• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

খুলনায় দীর্ঘ ২০ দিন কারাভোগের পর বিএনপির ৫৩ নেতাকর্মী কারামুক্ত

প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:১২
আপডেট: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:১২

খুলনায় দীর্ঘ ২০ দিন কারাভোগের পর বিএনপির ৫৩ নেতাকর্মী কারামুক্ত

দীর্ঘ ২০ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলার সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মী।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কারামুক্ত বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীকে জেল গেটে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এরপর এক বিশাল মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

পুলিশের দায়ের করা নাশকতা পরিকল্পনা ও বিস্ফোরক আইনের মামলায় গত ২৫ জানুয়ারী আদালতে আত্মসমর্পন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। ৬ ফেব্রুয়ারী উচ্চ আদালত থেকে তাদের জামিন মঞ্জুর হয়। আজ জামিনের কাগজ কারাগারে পৌঁছালে বিকেলে একে একে তারা বের হয়ে আসেন। গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে খুলনার বিভিন্ন থানায় পুলিশ নাশকতা ও সহিংসতা পরিকল্পনার গায়েবী মামলা দায়ের করে। এর মধ্যে খুলনা সদর, সোনাডাঙ্গা ও লবনচরা থানার তিন মামলায় তারা কারাগারে যান।

জামিনে মুক্তি প্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন মহানগর যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বাবু, মহানগর বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক, মো: জামালউদ্দিন, গাজী আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, কাজী শফিকুল ইসলাম শফি, শেখ ফারুক হোসেন, মাসুদ খান বাদল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, ছাত্রদল মহানগর আহবায়ক ইশতিয়াক আহমেদ ইস্তি, সদস্য সচিব মো: তাজিম বিশ্বাস, নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সুমন, সেচ্ছাসেবক দলের সদর থানা আহবায়ক খায়রুজ্জামান সজীব, যুবদলের মাহমুদ হাসান বিপ্লব, সিনিয়র বিএনপি নেতা মো: জালু মিয়া, শহীদ খান, নূর আলম নুরু, মো: নাসিম সহ ৫৩ জন।

এদিকে কারামুক্তির পর সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা বলেন, দীর্ঘ ২০ দিন আইনী লড়াই চালিয়ে আমরা সহযোদ্ধাদের মুক্ত করেছি। এরমধ্যে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ হয়েছে।

তিনি বলেন, শিগগিরই সরকার পতনের এক দফায় কঠোর আন্দোলন আসছে। আমাদেরকে শপথ নিতে হবে, এই ফ্যাসিবাদের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরবো না।

সদ্য কারামুক্ত মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ফ্যাসিস্ট মাফিয়া সরকার মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে কর্মীদের চোখের আড়ালে রেখেছিল। আমাদের মুক্তির দাবিতে যারা রাজপথের লড়াইয়ে ছিলেন তাদের প্রতি কৃতজ্জতা প্রকাশ করছি। তুহিন বলেন, নেতাকর্মীদের কারাবন্দী রেখে সরকারের পতন ঠেকানো যাবে না।

জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেন, আমরা ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করছি। আমাদের লড়াই মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, মত প্রকাশের অধিকার এবং অর্থনৈতিক মুক্তির দাবিতে। এ লড়াইয়ে কেউ আমাদের পরাজিত করতে পারবে না।

এ সময় জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলুসহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com