অর্থপাচারের তথ্য দিলে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিআইডি সরাসরি মানি লন্ডারিং প্রতিরোধে কাজ করতে পারে। আপনারা তথ্য দিন। অপরাধীদের সোর্স যতই থাকুক না কেন পুলিশের সোর্স অনেক বেশি স্ট্রং।
আজ মঙ্গলবার সকালে কক্সবাজার ট্যাুরিস্ট পুলিশ কার্যালয়ের হলরুমে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) আয়োজিত ‘মানিলন্ডারিং ও অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ পাচার প্রতিরোধ’ বিষয়ে মতবিনিময় সভায় সিআইডির উপদেষ্টা অপরাধ গবেষক ড. খান সরফরাজ আলি এ সব কথা বলেছেন।
তিনি বলেন, অনলাইন গেমিং বন্ধ করতেও সিআইডি নিজস্ব প্রযুক্তির নিয়ে বিটিআরসির সঙ্গে কাজ করছে। কিন্তু অপরাধীরা ভিপিএন ব্যবহার করে বিদেশ বসে অপরাধ চালিয়ে যায়। অপরাধ দমনে পরিবার, সমাজ, মসজিদ এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ভূমিকা পালন করে। তাই সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে।
সিআইডি, কক্সবাজার জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়ার সভাপতিত্বে সভায় রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তি ও সিআইডি কক্সবাজার জেলার সকল অফিসার অংশগ্রহণ করে মানিলন্ডারিং ও অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ পাচার প্রতিরোধের বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।

