বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাবেন দেশের ২২তম নব নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি বঙ্গভবনে যাবেন।
বঙ্গভবন সূত্রে জানা গেছে, বিদায়ী রাষ্ট্রপতির সঙ্গে নতুন রাষ্ট্রপতির সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত থাকবেন।
রবিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ২২তম রাষ্ট্রপতি পদে দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। পরদিন ২৪ এপ্রিল থেকে নতুন রাষ্ট্রপতি হিসেবে অভিষেক হবে মো. সাহাবুদ্দিনের।

