• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

মহাসড়কের পর রেলপথ অবরোধ রাবি শিক্ষার্থীদের

প্রকাশ: রবিবার, ১২ মার্চ, ২০২৩ ১০:৫৮
আপডেট: রবিবার, ১২ মার্চ, ২০২৩ ১০:৫৮

মহাসড়কের পর রেলপথ অবরোধ রাবি শিক্ষার্থীদের

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধের পর এবার আগুন জ্বালিয়ে রেলপথ অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে রাজশাহী রেলস্টেশনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ছাড়া বাকি সব জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ঘটনার দ্বিতীয় দিনেও কোনো সমাধান না পেয়ে রবিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের রেলপথে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিভিন্ন ব্যানার এনে রেললাইন দু’পাশে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন তারা। চারুকলা অনুষদের শিক্ষার্থীদের হাতের কারুকার্যের মাধ্যমে তৈরি করা বিশাল আকৃতির ময়ূরপাখি এনে আগুন জ্বালাতে দেখা যায় তাদেরকে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়েছে। আমাদের শতাধিক ভাই আহত হয়ে মেডিকেল ভর্তি আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। গতকালের ঘটনায় আমরা প্রশাসনের কাউকেই পাশে পাইনি। প্রক্টরের পদ কেন রাখা হয়েছে। পুলিশকে গুলি করার হুকুম কে দিয়েছে? প্রক্টরের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, গতকালের ঘটনায় আমরা এখনো কোনো সুষ্ঠু সমাধান পায়নি। আমার ভাইয়েরা রক্তাক্ত অবস্থায় মেডিকেলে ভর্তি আছে। আর এদিকে আমাদের প্রশাসন ঘুমন্ত অবস্থায় রয়েছে। আমরা এমন প্রশাসন চাই না। তাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি। আমাদের দাবিগুলো না মানা পর্যন্ত আমাদের এ আন্দোলন চলমান থাকবে।

এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী। এদিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবরোধ করে আন্দোলন করেন।

বাসের ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর বাজারে স্থানীয়-শিক্ষার্থী ঘটনার সূত্রপাত হয়।

উল্লেখ্য, শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় বাসের ভেতর ভাড়া নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতভর দফায় দফায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ২০০ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় রাতে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।