• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা আলমগীর এর বিবৃতি

প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ১১:১১
আপডেট: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ১১:১১

বিএনপি মহাসচিব মির্জা আলমগীর এর বিবৃতি

অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে বগুড়া জেলাধীন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, জাতীয়তাবাদী ছাত্রদল-ঢাকা মহানগর পূর্ব শাখার আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, ছাত্রদল হাজারীবাগ থানা শাখার আহবায়ক আবিদ হাসান নীল এবং ছাত্রদল ধানমন্ডি থানা শাখার যুগ্ম আহবায়ক সোহানুর রহমান সোহানকে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “জনগণকে সাথে নিয়ে দুঃশাসনের বিরুদ্ধে গড়ে ওঠা গণআন্দোলন ও বিএনপি’র নেতৃত্ব ধ্বংস করতেই অবৈধ মিডনাইট সরকার মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ ও তাদেরকে গ্রেফতার অব্যাহত রেখেছে। মীর শাহে আলম এর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ সেটিরই ধারাবাহিকতা। গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন বর্তমান সরকারের দলন-পীড়নে ক্ষতবিক্ষত। আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারো জীবনের নিরাপত্তা নেই। বর্তমানে কোন অপরাধের সঙ্গে জড়িত না হয়েও নির্দোষ মানুষকে অপরাধী বানিয়ে গায়েবী মামলা, গ্রেফতার, কারান্তরীণ, রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন ও হয়রানী করা হচ্ছে। মীর শাহে আলম, শেখ খালিদ হাসান জ্যাকি, আবিদ হাসান নীল এবং সোহানুর রহমান সোহান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বর্তমান গণবিরোধী সরকারকে মনে রাখতে হবে যে, অতীতে যেমন কোন স্বৈরশাসনবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের গুম, খুন, গ্রেফতার ও নির্যাতন করে দমানো যায়নি, বর্তমান শাসকগোষ্ঠীও গণতন্ত্রকামীদের আন্দোলন দমাতে পারবে না। সরকারী শত জুলুম-নির্যাতনের বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রামে আরও বেশি বলীয়ান হবে এবং অপহৃত গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে জনগণের জীবন-জীবিকা রক্ষা ও দেশে সুশাসন নিশ্চিত করবে।”
বিএনপি মহাসচিব বিবৃতিতে উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান।