• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

ভারতের আত্মঘাতী গোলে জিতল বাংলাদেশ

প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ১০:৫১
আপডেট: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ১০:৫১

ভারতের আত্মঘাতী গোলে জিতল বাংলাদেশ

শুরুটা ভুটানকে ৮-১ গোলে উড়িয়ে। তবে দ্বিতীয় ম্যাচে রাশিয়ার কাছে ৩-০ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ। শুক্রবার মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে স্বাগতিকরা। আত্মঘাতী গোলে শক্তিশালী ভারতকে ১-০ ব্যবধানে হারিয়েছে গোলাম রাব্বানী ছোটনের দল।

কমলাপুর স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে পূজা দাসের ক্রস থেকে সুলতানার নিচু শট অল্পের জন্য চলে যায় পোস্টের বাইরে। ১৬ মিনিটে রক্ষণের ভুলে গোল হজম করতে বসেছিল বাংলাদেশ। অধিনায়ক রুমা আক্তার বক্সের বাইরে থেকে বল বিপদমুক্ত করতে না পারলে শট নেন ভারতীয় ফরোয়ার্ড পূজা। অল্পের জন্য তা হয় লক্ষ্যভ্রষ্ট।

দ্বিতীয়ার্ধেও সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। ৫৪ মিনিটে রিতার পাসে বক্সের মধ্যে সাগরিকার দুর্বল হেড হতাশ করে সবাইকে। ৭৩ মিনিটে লিড নেয় বাংলাদেশ। পূজা দাসের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে পোস্টে বল বাড়ান নাদিয়া আক্তার। তা বিপদমুক্ত করতে গিয়ে হেডে নিজেদের জালে বল জড়িয়ে বসেন ডিফেন্ডার আখিলা। এই এক গোলেই দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে আগামী ২৮ মার্চ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।