• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রূপনগর ও পল্লবী থানা বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা

প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ১:১৭
আপডেট: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ১:১৭

রূপনগর ও পল্লবী থানা বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা

রাজধানীর রূপনগর ও পল্লবী থানা বিএনপির ইফতার মাহফিলে সংবাদকর্মীদের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় বেশিরভাগ স্থানীয় যুবদল নেতাকর্মী জড়িত ছিলেন বলে খোঁজ নিয়ে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ইফতার অনুষ্ঠানে ব্যাপক নেতাকর্মীর সমাগমে সাংবাদিকদের সঙ্গে যুবদলের কয়েকজন কর্মী বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে মারমুখী হয়ে ওঠেন এবং হামলা করেন। এতে উপস্থিত সংবাদকর্মীদের অনেকে আহত হন। তাদের মধ্যে দু-একজনের অবস্থা গুরুতর। তাদের ক্যামেরা ভেঙে ফেলা হয়। নারী সংবাদকর্মীদের ওপরও তারা হামলে পড়েন। যদিও মঞ্চ থেকে নেতারা এসে পরিস্থিতি সামাল দেন এবং দুঃখ প্রকাশ করেন।

এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িতদের ছবি ও পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে রয়েছেন- পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, পল্লবী থানা যুবদলের পিয়াস, পল্লবী থানা যুবদলের সাবেক সভাপতি রজিব হোসেন পিন্টু, রূপনগর থানা যুবদলের যুগ্ম সম্পাদক মো. আসিফ, পল্লবী থানা যুবদলের যুগ্ম সম্পাদক মো. মাসুদ এবং পল্লবী থানা ২ নম্বর ওয়ার্ড যুবদলের মো. মনির।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, তারা হামলাকারীদের চিহ্নিত করছেন। এর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

সদস্য সচিব আমিনুল হক জানান, বর্তমানে দেশের ভয়াবহ পরিস্থিতিতে সাংবাদিকরা ঝুঁকি নিয়ে সর্বোচ্চটুকু করার চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে যে ঘটনা ঘটেছে তা শুধু ষড়যন্ত্রই নয়, ন্যক্কারজনক। এ বিষয়ে তারা ব্যবস্থা নেবেন।