• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণঅভ্যুত্থানে সরকারকে বিদায় করা হবে : টুকু

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৮:৪৫
আপডেট: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৮:৪৫

গণঅভ্যুত্থানে সরকারকে বিদায় করা হবে : টুকু

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে বিদায় করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরে যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভা, ইফতার ও দোয়া মাহফিলে এ দাবি করেন তিনি।

যুবদল সভাপতি বলেন, আওয়ামী লীগের হাতে দেশের গণতন্ত্র বারবার ধ্বংস হয়েছে। সেই ধ্বংসকৃত গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাই আমাদের ভয় পেলে চলবে না। এ সরকারের হাত থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হলে জনগণকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামতে হবে। আবারও আমাদের জেগে উঠে গণঅভ্যুত্থান ঘটিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।

ওই সময় সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং তারেক রহমান দেশে ফিরে না আসা পর্যন্ত রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুবদলের ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় সহসভাপতি বেনজির আহমেদ তাবরিজের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাশুকুর রহমান মাশুক, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ অনেকে।