• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

চূড়ান্ত স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালুর পাঁয়তারা করছে সরকার : মান্না

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ১০:২৮
আপডেট: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ১০:২৮

চূড়ান্ত স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালুর পাঁয়তারা করছে সরকার : মান্না

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশে চূড়ান্তভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ বৃহস্পতিবার রাতে দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের সই করা বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।

সরকারের ধর্মঘট নিষিদ্ধ করার ক্ষমতাসংক্রান্ত বিল সংসদে উপস্থাপনের প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এ বিবৃতি দেন মান্না।


ক্ষমতাসীনদের সমালোচনা করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, যে গণতন্ত্রের জন্য লড়াই করে এ দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, এই সরকার সেই গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করেছে। তারা মানুষের সব মৌলিক এবং সাংবিধানিক অধিকার হরণ করেছে। বিরোধী মতকে দমন করার জন্য তারা একের পর এক অসাংবিধানিক আইন চালু করছে। জনগণের বাক-স্বাধীনতা এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করতে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক কালো আইন তৈরি করেছে। ভোট ডাকাতির মাধ্যমে সংসদ দখল করে তারা অসাংবিধানিক আইন জারি করে অবৈধ ক্ষমতা কুক্ষিগত করে রাখার অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় সরকারের নির্দেশে ধর্মঘট বন্ধ করার আইন পাস করার পাঁয়তারা করছে তারা।

মান্না বলেন, সরকার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপে দিশাহারা। ক্ষমতা হারানোর ভয়ে তারা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছে। অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, হামলা-মামলা, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে তারা বিরোধী মতকে দমন করার চেষ্টা করছে। কিন্তু এর ফলাফল তাদের জন্য ভালো হবে না। জনগণ জাগতে শুরু করেছে। অচিরেই তারা এই সরকারের পদত্যাগের দাবি নিয়ে রাজপথে নেমে আসবে এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন ঘটাবে।