• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

খাদ্যসহ মানুষের মৌলিক অধিকারের দাবিতে কথা বলাই মুক্তিযুদ্ধের চেতনা : সেলিম

প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ৪:৫২
আপডেট: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ৪:৫২

খাদ্যসহ মানুষের মৌলিক অধিকারের দাবিতে কথা বলাই মুক্তিযুদ্ধের চেতনা : সেলিম

কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, খাদ্যসহ মানুষের মৌলিক অধিকারের দাবিতে কথা বলাই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রকৃত চেতনা। মানুষের অন্নের স্বাধীনতা দাবি করাই ন্যায়সঙ্গত।

ঈদের আগে যথাসময়ে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবিতে আজ শুক্রবার গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশ থেকে গার্মেন্ট শ্রমিদের মজুরি বৃদ্ধি এবং ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবি জানানো হয়।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, যারা ফ্যাসিবাদী কায়দায় নিরন্ন মানুষের প্রতিবাদের কণ্ঠরোধের অপচেষ্টায় লিপ্ত তারা স্বৈরাচারী শাসকের দোসর। স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেই মানুষের ভাতের অধিকার আদায় করতে হবে। তিনি অবিলম্বে গার্মেন্ট শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবি জানান।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাজাহানের পরিচালনায় শ্রমিক সমাবেশে বক্তব্য দেন—গার্মেন্ট টিইউসির উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহসভাপতি জলি তালুকদার, কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, মঞ্জুর মঈন, আজিজুল ইসলাম, আব্দুস সালাম বাবুল, বৃহত্তর উত্তরা আঞ্চলিক কমিটির নেতা মোহাম্মদ শান্ত, নারায়ণগঞ্জ জেলার নেতা জোৎস্না আক্তারসহ অনেকে।

ক্বাফী রতন বলেন, প্রায় চার বছর আগে বাজার পরিস্থিতি ও শ্রমিকপক্ষের দাবি উপেক্ষা করে গার্মেন্ট শ্রমিকদের নিম্নতম সমুদয় মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। মুদ্রাস্ফীতির হার সম্পর্কে সরকারি বয়ান অনুসারেই এ কথা নির্দ্বিধায় বলা যায়, বর্তমান বাজারে শ্রমিকের প্রকৃত মজুরি প্রায় অর্ধেকে নেমেছে। বর্তমান বাজার পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের জীবনে নীরব দুর্ভিক্ষের পূর্বাভাস দেখা যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অতীতের সব নজির অতিক্রম করেছে। শ্রমিকের জীবন বাঁচানোর পদক্ষেপ হিসেবেই সরকারকে অবিলম্বে মজুরি বৃদ্ধির ঘোষণা দিতে হবে।

তিনি বলেন, পৃথিবীর সর্বোচ্চ রপ্তানি করেও সর্বনিম্ন মজুরি পাওয়া শ্রমিকরা আজ তিল পরিমাণ মাসিক আয় নিয়ে সাগর সমান জীবন ব্যয়ের মুখোমুখি অসহায় দাঁড়িয়ে আছে। বিস্ফোরণের পূর্বেই সরকার মজুরি বৃদ্ধির উদ্যোগ নিলে তা সব পক্ষের জন্যই ভালো হবে। তিনি অবিলম্বে গার্মেন্ট শ্রমিকের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবি জানান।

সভাপতির বক্তব্যে শ্রমিকনেতা মন্টু ঘোষ বলেন, দেশে সবচেয়ে বিলাসবহুল জীবনযাপন করেন গার্মেন্ট মালিকরা, কিন্তু শ্রমিকদের পাওনার কথা আসলে তারাই সবচেয়ে বিত্তহীন হয়ে যান। অথচ মালিকরা কেনাকাটা ও ঈদ উদযাপনের জন্য কানাডা-আমেরিকা-মালয়েশিয়ায় পারি জমান। প্রতিবছর ঈদ উৎসবের সময় গার্মেন্ট শ্রমিকরা উৎসব বোনাস থেকে বঞ্চিত হয়।

তিনি বলেন, ২০ রোজার মধ্যে চলতি মাসের বেতন ও বোনাস পরিশোধ করা না হলে ঈদের আগে শ্রমিকদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বেসিকের সমান বোনাসের দাবি অন্যান্য বছরের মতো এবারও যদি সর্বত্র উপেক্ষিত হয় তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে। সংকট সৃষ্টির আগেই তিনি সরকারি সংস্থাগুলোকে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com