• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বার এবং বেঞ্চ একটি দেহের মতো : প্রধান বিচারপতি

প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ১১:১৯
আপডেট: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ১১:১৯

বার এবং বেঞ্চ একটি দেহের মতো : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বার এবং বেঞ্চ একটি দেহের মতো। একটি অঙ্গ দুর্বল হলে আরেকটি অঙ্গও দুর্বল হয়ে যায়। এজন্য বার ও বেঞ্চের মধ্যে সম্পর্ক রাখতে হবে। বিচারক ও আইনজীবীদের মধ্যে সমন্বয় রাখতে হবে। বিচার ব্যবস্থায় বিচারক যদি ডান হাত হন তাহলে আইনজীবীরা হচ্ছেন অপর হাত বা বাম হাত।

আজ রোববার দুপুর ১২টার দিকে ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রের তিনটি অঙ্গ বিচার বিভাগ, শাসন বিভাগ ও আইন বিভাগের কোনো একটি দুর্বল হয়ে গেলে সেই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। এতে আইনের শাসন যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনি জনগণও ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, ফরিদপুরের আদালতে গত বছর যে পরিমাণ মামলা ফাইল হয়েছে, তার চেয়ে বেশি নিষ্পত্তি হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মো. আব্দুল হামিদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমানসহ জেলা জজ আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

রোববার ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান। এ সময় আইনজীবীদের পক্ষ থেকে আইনজীবী ভবন সম্প্রসারণ ও উন্নয়নে দাবি তুলে ধরা হয়।

এর আগে প্রধান বিচারপতি ফরিদপুরের জেলা জজ আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আদালত ভবনের কনফারেন্স রুমে মতবিনিময় সভা করেন। এদিন ফরিদপুরে আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ নামে একটি বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মো.শাহজাহান উপস্থিত ছিলেন।