• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

প্রথম আলো পত্রিকাটি আওয়ামী লীগ, জনগণ ও দেশের শত্রু: প্রধানমন্ত্রী

প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ২:৫৯
আপডেট: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ২:৫৯

প্রথম আলো পত্রিকাটি আওয়ামী লীগ, জনগণ ও দেশের শত্রু: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রথম আলো পত্রিকা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পত্রিকাটি আওয়ামী লীগ, জনগণ ও দেশের শত্রু। তিনি বলেন, গণতন্ত্রকে বাদ দিয়ে এখানে এমন একটি সরকার আনতে চাচ্ছে, যাদের গণতান্ত্রিক কোনো অস্তিত্বই থাকবে না, অগণতান্ত্রিক ধারা। একটি ৭ বছরের শিশুর হাতে দশ টাকা ধরিয়ে দিয়ে তার মুখ থেকে ‌‘ভাত মাছ, মাংসের স্বাধীনতা চাই’ বলিয়ে সেটি রেকর্ড করে প্রচার করা। স্বনামধন্য একটি পত্রিকা, খুবই জনপ্রিয়। নাম তার প্রথম আলো। কিন্তু বাস করে অন্ধকারে। এরা এই দেশে কখনও স্থিতিশীলতা থাকতে দিতে চায় না।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অধিবেশনে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি। যারা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতায় এসেছিল তারা দেশকে কিছু দিতে পারেনি। দুর্ভাগ্যজনক হলেও সত্য তাদের থেকে আমাদের গণতন্ত্রের কথা শুনতে হয়।

টানা ক্ষমতায় থাকার কারণে দেশের মানুষের ভাগ্য ফেরাতে পেরেছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটানা ক্ষমতায় আছি বলেই দেশের মানুষের ভাগ্য ফেরাতে পেরেছি। নিম্নআয়ের-মধ্যম আয়ের সকলের প্রতি আমাদের দৃষ্টি আছে। আজকে গ্রাম এবং শহরের পার্থক্য কমে গেছে। গ্রাম এবং শহরের মাঝে আরেকটি শহর গড়ে উঠছে।

সরকার ভাঙার খেলায় বিরোধীরা ব্যর্থ হয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, গণতন্ত্র স্থায়ী বলেই দেশে এতো উন্নয়ন হচ্ছে। বঙ্গবন্ধুকন্যা বলেন, প্রত্যেকটি গ্রামে নাগরিক সুবিধা নিশ্চিত করেছি। আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি মানুষের ভাগ্য গড়তে।