গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের পক্ষে তার সঙ্গে এসে মনোনয়ন জমা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
বুধবার বিকালে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কামরুল আহসানের ছোট ভাই ও চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার। এ বিষয়ে মাহিয়া মাহি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার স্বামীর বড় ভাইয়ের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছি। আশা করি তিনি আওয়ামী লীগের পক্ষে সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন পাবেন।’
মঙ্গলবার পর্যন্ত রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। পাঁচ সিটি করপোরেশনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন গাজীপুরে। সেখানে এখন পর্যন্ত ১৭ জন নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর সবচেয়ে কম মনোনয়নপ্রত্যাশী রয়েছেন রাজশাহীতে, মাত্র তিন জন। এ ছাড়া খুলনা সিটি করপোরেশনে চারজন, বরিশাল সিটিতে সাতজন এবং সিলেট সিটিতে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল, ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

