• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দুদক বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩ ৩:৩৩
আপডেট: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩ ৩:৩৩

দুদক বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

দুর্নীতি দমন কমিশন বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার (১৫ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, আমরা এর আগেও বলেছি সেই ১/১১ থেকে খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চেষ্টা চলছে। যা বর্তমানেও অব্যাহত আছে। এর অংশ হিসেবে গত একাদশ সংসদ নির্বাচনের ঠিক আগে অর্থাৎ ২০১৮ সালে খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল। এখনও ঠিক একই কায়দায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একতরফাভাবে সাজা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে এ সরকার।

বিএনপির মহাসচিব বলেন, আশ্চর্যজনক হলেও সত্য যেসব সম্পত্তির মালিক তারেক রহমান নন, কোনো দলিল-চুক্তিতে তার নাম, স্বাক্ষর বা সংশ্লিষ্টতা নাই, সেসব সম্পত্তির গায়েবি মালিক বানিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের কর পরিশোধকৃত সম্পদ নিয়েও কাল্পনিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা অবান্তর ও ভিত্তিহীন বলে দাবি করেন মির্জা ফখরুল। বলেন, চার্জ গঠন করে মামলার একতরফা যে রায় দেওয়া হবে তা হবে প্রতিহিংসামূলক ফরমায়েশি।

নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আজ আবারও আগুন লেগেছে। আমরা এ ঘটনায় শোক জানাচ্ছি। যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।