• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

স্বৈরাচারীর বিরুদ্ধে দাঁড়াতে না পারলে স্বাধীনতাকে অপমান করা হবে: দুদু

প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩ ৯:৩৯
আপডেট: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩ ৯:৩৯

স্বৈরাচারীর বিরুদ্ধে দাঁড়াতে না পারলে স্বাধীনতাকে অপমান করা হবে: দুদু

বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু ব‌লেছেন, স্বৈরাচারীর বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে স্বাধীনতাকে অপমান করা হবে। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ ভাবে স্বৈরাচারীর বিরুদ্ধে দাঁড়াই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি।

শ‌নিবার (১৫ এপ্রিল) রাজধানীর ডিআরইউ-এর ৩য় তলায় স্বাধীনতার হ‌লে জাতীয়তাবাদী সাংস্কৃ‌তিক দ‌লের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহ‌ফি‌লে তি‌নি এসব কথা ব‌লেন।

দুদু ব‌লেন, ‘আমার মনে হয় সরকার শিশু হয়ে গেছে। কি বলতে কি বলে ফেলে তার ঠিক ঠিকানা নেই। আর ৬-৭ দিন পরে মুসলমানদের সবচেয়ে বড় উৎসবের একটি পবিত্র ঈদুল ফিতর। এই সময়ে মানুষের হাতে টাকা পয়সা আছে কিনা এটা নিয়ে সরকারের কোনো চিন্তা নেই। সরকারের একটাই চিন্তা বিরোধী দল কি বলল। বিরোধী দলকে কোণঠাষা করা। নিউমার্কেটে আগুন এখনও নিভে নাই। কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। কিন্তু কথিত প্রধানমন্ত্রীর বয়ান থেকে শুনলাম বিরোধীদলের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘আগুন দেখলে সাধারণ মানুষ ভয় পায়, সরকারও এখন খুব ভয় পাচ্ছে। আগুন সন্ত্রাস, আগুনকে যদি আপনি ভয় করেন তাহলে স্বাধীনতাকে উপহাস করলেন। পাকিস্তান আমলে ছাত্ররা স্লোগান দিত জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও। সেই আগুনের লেলিহান থেকে ৭১ এর মুক্তিযুদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রী যখন সে আগুনকে উপহাস করে কিছুটা হলেও স্বাধীনতাকে উপহাস করার সমতুল্য। সে স্লোগানকে উপহাস করা হয়। আমি প্রধানমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সময় একটু চিন্তা-ভাবনা করে বক্তব্য দেওয়ার আহ্বান জানাই। ঠাস ঠাস করে কথা না বলার আহ্বান করি। এর আগে তিন-তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দিতে চেয়েছিলেন। ডক্টর ইউনুসকে পানিতে চুবাতে চেয়েছিলেন। আমি শেখ হাসিনাকে যদি প্রধানমন্ত্রী নাও বলি তারপরও তিনি শেখ মুজিবরের কন্যা। শেখ মুজিবুর রহমানের কন্যা হয়ে একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এভাবে কথা বলবেন এটা ভাবা যায়!’

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশে বর্তমানে মানুষের অধিকার নাই। দে‌শে গণতন্ত্র নাই। সরকারের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না। কিছু বললে ডিজিটাল আইনে মামলা দিয়ে হয়রানি করে। অথচ সংবিধানে রয়েছে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে।’

তিনি বলেন, ‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল অথবা পরশুদিন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় গিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন আলেম সমাজ যারা জেলে আছেন তিনি সুপারিশ করবেন তাদেরকে যেন মুক্ত করে দেয়া হয়। মুক্ত করবেন কেন? তাদেরকে ধরলেন বা কেন? আলেম সমাজকে যেভাবে মাজায় দড়ি বেঁধে হাতে হ্যান্ডকাফ পরিয়ে জেলে ভরলেন এখন মুক্ত করবেন কেন? আপনি কি রাশেদ খানের মতো সাক্ষী দিচ্ছেন? রাশেদ খান যেভাবে সাক্ষ্য দিয়েছিলেন আমিও নির্বাচিত না প্রধানমন্ত্রীও নির্বাচিত না।’

কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, ‘বাংলাদেশ থেকে ১০ থেকে ১২ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বাংলাদেশের দুই বছরের বাজেটের টাকা পাচার করা হয়েছে। ওই টাকা দেশে আনলে বাংলাদেশের মানুষ তো এমনই খেতে পারে। বিএনপি থেকে বলা হয়েছে, বিএনপি ক্ষমতায় আসলে ওইসব টাকা দেশে ফেরত আনা হবে এবং যারা পাচার করেছে তাদেরকেও ধরা হবে।’

আয়োজক সংগঠ‌নের সভাপ‌তি হুমায়ুন ক‌বির ব‌্যাপারীর সভাপ‌তি‌ত্বে সভায় আরও বক্তব‌্য রা‌খেন আলতাফ হো‌সেন, মৎস‌্যজীবী দ‌লের সদস‌্য ঈসমাইল হো‌সেন সিরাজীসহ সংগঠন‌টির বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতারা।