• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে ধাক্কার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ১:২৮
আপডেট: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ১:২৮

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে ধাক্কার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেন যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কায় প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। রোববার রাতে এ ঘটনার বিস্তারিত কারণ উদঘাটন করতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার দিবাগত রাতে এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, ট্রেন দুর্ঘটনার বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন, স্টেশন মাস্টার জামাল আহমেদ ও নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহবুবকে সদস্য করা হয়েছে। এ কমিটি ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিলে সেটা সরকারের কাছে জমা দেব।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসানপুর স্টেশনে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়েছিল। চট্টগ্রাম থেকে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে এসে মালবাহী ট্রেনকে ধাক্কা দেয়। এতে অনেকেই আহত হয়েছেন। দুর্ঘটনা এলাকায় রওনা হয়েছে ফায়ার সার্ভিস। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিচ্ছে উপজেলার প্রশাসন। ঘটনার পর থেকে পালাতক হাসানপুর স্টেশনে মাস্টার মাহাদুল হাসান সোহাগ।

নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন আলমগীর জানান, সোনার বাংলা এক্সপ্রেসের কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে গেছে। স্টেশন মাস্টার সোহাগকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে আমরা স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার কাজ শুরু করি। লাকসাম রেল স্টেশন মাস্টার শাহবুদ্দিন জানান, উদ্ধারকারী ট্রেন লাকসাম জংশন থেকে ঘটনাস্থলে রওনা হয়েছে।

লকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, নাঙ্গলকোটের হাসানপুরে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীবাহী সোনার বাংলা ট্রেন মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির ৮টি বগি লাইনচ্যুত হয়।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব জানান, মালবাহী ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। হাসানপুর স্টেশনের রেলক্রসিংয়ে এসে মালবাহী ট্রেনটির দাঁড়ানোর কথা ছিল। কিন্তু চট্টগ্রাম থেকে আসা সোনার বাংলা এক্সপ্রেস একই লাইনে এসে পেছন থেকে মালবাহী ট্রেনকে ধাক্কা দেয়।