• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বিএনপি নেতা সপুকে জেলগেটে হয়রানি না করার নির্দেশ

প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ৭:৫৮
আপডেট: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ৭:৫৮

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বিএনপি নেতা সপুকে জেলগেটে হয়রানি না করার নির্দেশ

বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুকে সুনির্দিষ্ট মামলা বা অভিযোগ ছাড়া জেলগেটে হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মো: শাহেদ নূর-উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ প্রদান করেন।

সপুকে জামিনের পর সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া জেলগেটে গ্রেফতার বা হয়রানি করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে রুল জারি করেছে আদালত। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জমির উদ্দিন সরকার, এ জে মোহাম্মদ আলী ও কায়সার কামাল। সাথে ছিলেন আইনজীবী সগির হোসেন লিয়ন, সুজা ও মোহাম্মদ সাগর হোসেন।

আইনজীবীরা জানান, গত বছরের ৩০ নভেম্বর পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগ রাজধানীর হাজারীবাগ থানায় দায়ের করা মামলায় ৯ ফেব্রুয়ারি ঢাকা থেকে মীর সরাফত আলী সপুকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তিনি ১৬ ফেব্রুয়ারি জামিন পেয়ে কারামুক্ত হওয়ার পর কারাফটক থেকে তাকে রমনা থানায় দায়ের করা নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়। যদিও ৫ ডিসেম্বর রমনা থানায় দায়ের করা ওই মামলার এফআইআরে তার নাম ছিল না। এরপর ওই মামলায় ২২ মার্চ তিনি জামিন পান। জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার সময় জেলগেটে রমনা থানা ও পল্টন থানায় দায়ের করা পৃথক দু’টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলা দু’টির এফআইআরেও সপুর নাম ছিল না।

তারা আরো জনান, যেহেতু দু’বার জামিন পাওয়ার পরও এফআইআরে নাম না থাকা সত্ত্বেও সপুকে জেলগেটে বারবার গ্রেফতার দেখানো হয়। এ কারণে পরে আবার জামিন পাওয়ার পর পূনরায় অন্য মামলায় তাকে গ্রেফতার দেখানোর আশঙ্কায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। আজ সেই রিটের শুনানি নিয়ে আদালত মীর সরাফত আলী সপুকে জামিন পাওয়ার পর জেলগেটে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়া গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।