• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

অগ্নিকাণ্ড যেন থামছেই না

প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ৯:৫৪
আপডেট: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ৯:৫৪

অগ্নিকাণ্ড যেন থামছেই না

অগ্নিকান্ড যেন থামছেই না। সম্প্রতি রাজধানীর বেশ কয়েকটি মার্কেটে পর পর অগ্নিকান্ডের ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। গতকাল সোমবারও রাজধানীর দুইটি মার্কেটসহ বিভিন্ন স্থানে চারটি মার্কেট ও একটি স্যালাইন কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় হতাহতের কোন খবর না পাওয়া গেলেও পণ্য ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

গত কয়েক দিনে ঢাকায় যেসব অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে, বঙ্গবাজারের বরিশাল প্লাজায়, উত্তরার বিজিবি মার্কেটে ও বায়তুল মোকারম মার্কেটের আগুন। এছাড়া চকবাজারে একটি সিরামিক গোডাউনে, সিদ্দিকবাজার, সায়েন্স ল্যাবরেটরির মোড়ে ঘটেছে অগ্নিকান্ড। এসব অগ্নিকান্ড নিয়ে অনেকের মনে সন্দেহ দানা বেঁধেছে। তীব্র দাবদাহের মধ্যে একের পর এক অগ্নিকান্ডের ঘটনায় ঢাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এসব আগুনের পেছনে নাশকতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ প্রধানমন্ত্রীও। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, অনেক মন্ত্রীও নাশকতার আশঙ্কা করে বক্তব্য দিয়েছেন। সকলের দাবি এ অগ্নিকান্ডের ঘটনাগুলো খতিয়ে দেখা উচিৎ।

ফায়ার সার্ভিসের তথ্য মতে, চলতি মাসের গত ১৭ দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ১২টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪ এপ্রিল বঙ্গবাজারে, এর দুই দিন পর ৬ এপ্রিল রাতে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে, ৮ এপ্রিল বঙ্গবাজারের বরিশাল প্লাজায়, ১১ এপ্রিল রাজধানীর চকবাজারে একটি সিরামিক গোডাউনে, ১৩ এপ্রিল পুরান ঢাকার নবাবপুর সুরিটোলা মার্কেটের পাশে একটি টিনশেড গোডাউনে, ১৪ এপ্রিল হাজারীবাগে ট্যানারি কারখানায়, ১৫ এপ্রিল ভোরে নিউ সুপার মার্কেটে, ১৬ এপ্রিল দুপুরে মিরপুরে একটি আবাসিক ভবনে এবং শেরেবাংলা নগরে বিএনপির বাজারে বস্তিতে আগুন লাগে। সর্বশেষ গতকাল সোমবার রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে এবং বায়তুল মোকাররম মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে।

এর আগের মাসে অর্থাৎ গত ২৮ মার্চ মধ্যবাড্ডার ইউলুপের পোস্ট অফিস গলির একটি মিষ্টির দোকানে, ২৭ মার্চ মহাখালীর সাততলা বস্তিতে, ৭ মার্চ তারিখ বিকালে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে, ৫ মার্চ সকালে সায়েন্সল্যাবের শিরিন ম্যানশনে এবং ১ মার্চ গোপীবাগে একটি রিকশার গ্যারেজ আগুনে পুড়ে ছাই হয়। গত দুই মাসে রাজধানীতে অন্তত ২০ টি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।