রাজধানীর নিউমার্কেটে আজ মঙ্গলবার রাতে হঠাৎ করেই আগুন আতঙ্ক শুরু হলে হুড়োহুড়ি শুরু হয়। মার্কেট কমিটিও ক্রেতা-বিক্রেতাদের আতঙ্কিত না হতে মাইকে বারবার আহ্বান জানাতে শোনা যায়। রাত সোয়া ১১টার দিকে এমন ঘটনা ঘটে।
কী হয়েছিল
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, বর্ণালী নামের একটি দোকানের সামনে বৈদ্যুতিক খুঁটির সংযোগ লাইনে হঠাৎ করে স্ফুলিঙ্গ হয়ে আগুন দেখা যায়, এক পর্যায়ে ধোঁয়ার সৃষ্টি হয়। তবে তা সঙ্গে সঙ্গে নিভেও যায়। যদিও এই খবর ছড়িয়ে পড়ে গোটা মার্কেট এলাকায়। তখন ব্যবসায়ী ও ক্রেতারা আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন।
যা বলছে পুলিশ
নিউ মার্কেট থানার ওসি শফিকুল গণি সাবু বলেন, একটু ধোঁয়া দেখেই ক্রেতা-বিক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। যদিও এটা বড় কোনো বিষয়ই ছিল না। খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ক্রেতাদের আশ্বস্ত করে পরিস্থিতি স্বাভাবিক করেন।
গত শনিবার নিউমার্কেট লাগোয়া উত্তর পাশে ঢাকা নিউ সুপার মার্কেটে আগুনে কয়েক শ দোকান পুড়ে যায়। এর আগে বঙ্গবাজার কমপ্লেক্সও আগুনে পুড়ে ছাই হয়। ওই ঘটনার পর ক্রেতা-বিক্রেতাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যদিও ঈদের আগে পুলিশ রাজধানীর মার্কেটগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। সতর্ক রয়েছে ফায়ার সার্ভিস ও ব্যবসায়ী নেতারাও।

