যানজট এড়াতে পরিবহন মালিক-শ্রমিকদের ধৈর্য ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে হাইওয়ে পুলিশ প্রধান ও অতিরিক্তি আইজিপি মো. শাহাবুদ্দিন খান বলেছেন, চলতি পথে গাড়ি বিকল হলে মেরামতের জন্য লোকাল জনপথে থাকা গ্যারেজ মিস্ত্রীর তালিকা প্রস্তুত করেছি। যাতে যানজট সৃষ্টি হতে না পারে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে পরিদর্শনে এসে আশুলিয়ার বাইপাইলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আহ্বানের কথা তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, ‘সড়ক-মাহসড়কের যানজট প্রবণতা বা চ্যালেঞ্জিং জায়গাগুলো চিহ্নিত করেছি। সেখানে বেশি নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। অ্যাম্বুলেন্স ও রেকারগুলো প্রস্তুত রয়েছে। এছাড়া আমরা পরিবহন মালিক-শ্রমিকসহ সবাই মিলে সমন্বয় করার চেষ্টা করেছি। আমরা ঈদের দিন পর্যন্ত দায়িত্ব পালন করব। আমরা প্রত্যাশা করতে পারি, এবারের ঈদ যাত্রা আরো বেশি স্বাচ্ছন্দ ও নিরাপদ হবে।’
এ সময় হাইওয়ে পুলিশের বিভিন্ন কর্মকর্তাসহ ঢাকা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

