রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস লিকেজ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তাই এখন আর চুলা জ্বালাতে সমস্যা নেই বলে জানিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এমডি হারুনুর রশীদ মোল্লাহ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, নগরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিছু এলাকায় সমস্যা হয়েছিল। তার সমাধান হয়ে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে।
এর আগে সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ বের হতে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনসাধারণের মধ্যে। এক পর্যায়ে চুলা জ্বালানোসহ আগুন জ্বালানো বন্ধ রাখার পরামর্শ দেয় কর্তৃপক্ষ।
গ্যাসের গন্ধ বের হওয়ার কারণ উল্লেখ করে তিতাস কর্তৃপক্ষ জানায়, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় লাইনে ওভারফ্লো বা চাপ বেড়ে গেছে। যার ফলে গ্যাসের গন্ধ বাইরে ছড়িয়েছে।
রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুক পেজে জানান, ঢাকার বেশ কয়েকটি জায়গায় গ্যাসের গন্ধ পাওয়ার খবরে নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। ঢাকার গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস কর্তৃপক্ষ এরইমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

