• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

২৬ বছর পলাতক থাকার পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ৪:১৩
আপডেট: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ৪:১৩

২৬ বছর পলাতক থাকার পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ও নোয়াখালীর যৌথ আভিযানে মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোররাতে ঢাকার মোহাম্মদপুর থানার আকনগলি এলাকা হতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল উদ্দিন (৫৫), পিতা- মৃত ছাদু মিয়াকে গ্রেফতার করে। সে ২৬ বছর যাবত পলাতক ছিল বলে র‌্যাব জানায়।
র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামী জামাল উদ্দিন (৫৫) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন শরীফপুর এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামী তার সহযোগীদের সহায়তায় গত ৬ ফেব্রুয়ারি ১৯৯৭ খ্রিঃ চৌমুহনী স্টেশন রোড থেকে মাইক্রোবাসযোগে চৌমুহনী পৌরসভার গণিপুর গ্রামের মুক্তিযোদ্ধা সামছুল হকের ছেলে ভিকটিম ফজলুল হককে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং তাকে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের পিতা মুক্তিযোদ্ধা সামছুল হক বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- ১৪(২)৯৭। মামলা তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি অভিযোগপত্র দাখিল করেন।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীরা পরস্পর যোগসাজসে ভিকটিম ফজলুল হককে হত্যা করে তার মৃতদেহ গুম করেছে রেখেছে। গ্রেফতারকৃত আসামী মামলা দায়েরের পর হতে দীর্ঘ ২৬ বছর দেশের বিভিন্ন স্থানে সু-কৌশলে পলাতক ছিল। বিজ্ঞ আদালত গত ২৫/০২/২০১৫ খ্রিঃ গ্রেফতারকৃত আসামী জামাল উদ্দিন (৫৫)’কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।