শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদানের কথা কোনোদিনই ভুলবার নয়। ঔপনিবেশিক শক্তির অমানবিক, অন্যায় ও চাপিয়ে দেওয়া কঠোর শাসনের বিরুদ্ধে সোচ্চার সংগ্রামে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে ইতিহাসে অবিস্মরণীয় ব্যক্তিত্বে পরিণত হন। এ দেশের কৃষক সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ঋণ সালিশি বোর্ড গঠন তার একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ।
বুধবার শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ফজলুল হক ছিলেন বহুগুণের অসাধারণ প্রতিভার অধিকারী একজন মহান মানুষ। জাতীয় ইতিহাসে তার অবদানের গুরুত্ব অপরিসীম। স্বাধীকার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে তিনি এ দেশের মানুষকে যে দীক্ষা দিয়েছিলেন সেটির পথ ধরে চলতে গিয়েই আমরা বিশ্ব দরবারে এখন সাহসী জাতি হিসেবে বিবেচিত। দেশ এবং জাতির কল্যাণে অবদানের জন্য তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন।













