• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) উপনির্বাচনে বিপুল ভোটে নৌকার জয়

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ১১:২১
আপডেট: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ১১:২১

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) উপনির্বাচনে বিপুল ভোটে নৌকার জয়

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ। তিনি ৬৭ হাজার ২০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ মোমবাতি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৭ ভোট।

আজ বৃহস্পতিবার রাতে এম এ আজিজ স্টেডিয়ামের পাশে জিমনেসিয়ামে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে আজ সকাল ৮টা থেকে ১৯০টি কেন্দ্রের ১ হাজার ৪১৪টি কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনের শুরুতে সকালে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। এ সময় তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তবে মোমবাতি প্রতীকের প্রার্থী আব্দুস সামাদ বিভিন্ন কেন্দ্র থেকে তার নির্বাচনী এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তোলেন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন ঘিরে এখনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরে আসনশূন্য ঘোষণার গেজেট ইসিতে এলে নির্বাচনের দিনক্ষণ ঠিক করে কমিশন।