গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেবে নির্বাচন কমিশন। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কারণ দর্শাতে এ নোটিশ দেয়া হবে। এ বিষয়ে আজমত উল্লা খানকে সশরীরে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো: আলমগীর। আজ সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও অন্য নির্বাচন কমিশনাররা বসে কারণ দর্শানোর নোটিশ ও ইসির নির্দশনাসহ চিঠি পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।
এরই মধ্যে এ নির্বাচনকে ঘিরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সতর্ক করা হয়েছে। এরপরই ক্ষমতাসীন দলের প্রার্থীকে কারণ দর্শাতে বলা হচ্ছে।
পাঁচ সিটি নির্বাচনকে সামনে রেখে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যদের আচরণবিধি প্রতিপালনের অনুরোধ জানিয়ে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্পিকারকেও অনুরোধ জানাবে নির্বাচন কমিশন।

