উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে একসঙ্গে কাজ করতে বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আশা করি স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের অনন্য যাত্রায় বিশ্বব্যাংক আমাদের সাথে থাকবে। আসুন আমরা উজ্জ্বল ভবিষ্যতের জন্য অভিন্ন আস্থার চেতনা নিয়ে একসঙ্গে কাজ করি।
বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোকচিত্র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা। প্রদর্শনী অনুষ্ঠানটি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের সাথে যৌথভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, এই আলোকচিত্র প্রদর্শনীতে বাংলাদেশের পিছিয়ে থাকা লোকদের উন্নয়নের গল্প তুলে ধরা হয়েছে। এটি বাংলাদেশকে সহনশীল ও সমৃদ্ধ ভূমিতে পরিণত করার জন্য আমাদের সরকারের সংকল্পের প্রতিফলন।
অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করার জন্য বিশ্বব্যাংক ও অন্য উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের অভিন্ন শত্রু হচ্ছে দারিদ্র্য ও ক্ষুধা এবং আমরা এগুলো দূর না করা পর্যন্ত বিশ্রাম নেব না।
তিনি আরও বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দুস্থ মানুষের মধ্যে যে ধরনের হাসি দেখতে চেয়েছিলেন এ প্রদর্শনীতে তা প্রতিফলিত হচ্ছে।
ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এবং তার এসএআর ভিপি মার্টিন রাইসার ফুল দিয়ে স্বাগত জানান।

