নিউজ ডেস্ক
দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতি শ্রমজীবী মেহনতি মানুষকে দিশেহারা করেছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, নিত্যপন্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবীরা চোখে সরষেফুল দেখছে। শ্রমিকদের আয়ের সাথে ব্যায়ের মিল নেই। বেতন না বাড়লেও দ্রব্যমুল্য আকাশচুম্বী। দফায় দফায় চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনির দাম বেড়ে এখন নাগালের বাইরে। দেশে জনগনের সরকার না থাকায় দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের কারনে দ্রব্যমুল্য লাগামহীন।
মঙ্গলবার (২ মে) দলীয় কার্যালয়ে আর্ন্তজাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মে দিবস পালন এখন শুধুই আনুষ্ঠানিকতা। দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের কারনে দেশে আজ ভয়াবহ সংকট তৈরী হয়েছে। শ্রমিকের ন্যায়্য মজুরী কাঠামো এখনো আশার বানী। ঝুকিপুর্ণ কর্মক্ষেত্র, নারী শ্রমিকদের নিরাপত্তা ও বেতন বৈষম্য প্রকট আকার ধারণ করেছে। শিল্প, কল-কারখানা ক্রমশ বন্ধ হওয়ায় লক্ষ লক্ষ শ্রমিক মানবেতর জীবন যাপন করছে। অর্থনৈতিক মন্দার কারনে শিল্প প্রতিষ্ঠানগুলো ক্রমশ রুগ্ন ও উৎপাদন সক্ষমতা হারাচ্ছে। এভাবে চলতে থাকলে দেশে ভয়বহ গণবিস্ফোরনের সমূহ সম্ভাবনা রয়েছে। তাই শ্রমজীবী মেহনতি মানুষকে দেশ ও অর্থনীতি সুরক্ষার মাধ্যমে দেশের গনতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে।
নগর সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক রাসেল সিকদার লিটন, প্রচার সম্পাদক মনির হোসেন ও ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ। সভা পরিচালনা করেন নগর সাধারন সম্পাদক মো. হুমাউন কবির।

