ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আগামীতে কঠিন চ্যালেঞ্জ আসবে। প্রতিটি চ্যালেঞ্জকে আমরা জীবন দিয়ে হলেও সাহসের সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত থাকবো। সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি সময় আমরা এর প্রমাণ দিয়েছি। ১৯৭১ সাল থেকে পুলিশ দেশের জনগণের পাশে ছিল, থাকবে। আগুনসন্ত্রাস, করোনা মহামারিসহ নানা ঘটনায় বাংলাদেশ পুলিশ পালিয়ে যায়নি, পালিয়ে যায় না।
মঙ্গলবার (২ মে) রাজারবাগ পুলিশ লাইনে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে নিউমার্কেট অগ্নি দুর্ঘটনার সময় পুলিশ সদস্যদের ভালো ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি প্রধান এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, স্বাধীনতা ও বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অকাতরে জীবন দিয়েছে পুলিশ। ঢাকা শহরে ১০ হাজার পুলিশ রাত জেগে দায়িত্ব পালন করেন। তাদের এ দায়িত্ব পালনের মাধ্যমেই আপনি রাতে নিরাপদে ঘুমাতে পারেন।
তিনি আরো বলেন, আমাদের পুলিশ সদস্যরা রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করেন। তাদের শরীর পুড়ে যায়। সেসব কষ্টের কথা লেখা হয় না। কে কোন দিন একটু অন্যায় করেছে সেগুলো তুলে ধরে প্রতিবেদন করা হয়। তবে, এই গুটি কয়েকজনের দায় ঢাকা মহানগরীর ৩২ হাজার পুলিশ সদস্য মেনে নেবে না।

