স্পোর্টস ডেস্ক
দু’দিন আগেই সৌদির প্রশংসা করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গুঞ্জন ওঠেছিল তার সৌদির ক্লাবে নাম লেখানো নিয়ে। এসবের মধ্যেই গতকাল (১ মে) লরাঁর বিপক্ষে পিএসজির হয়ে মাঠে নেমেছিলেন মেসি। যদিও দলকে জয় উপহার দিতে পারেননি সদ্য বিশ্বকাপ জয়ী তারকা। মেসির গোলহীন দিনে পিএসজি হেরেছে ৩-১ গোলে। দল হারায় সব দায় পড়েছে আর্জেন্টাইন তারকার ওপর। পিএসজি সমর্থকরা সমালোচনা করছেন মেসির। দিচ্ছেন দুয়ো। তবে এসব গায়ে না মেখে সপরিবারে সৌদিতে উড়ে গেছেন মেসি। যাতে ফের প্রশ্ন ওঠেছে তবে কী সত্যিই সৌদির ক্লাবে নাম লেখাচ্ছেন মেসি।
রোনালদোর পর মেসিও কি সৌদিতে থিতু হচ্ছেন। প্রশ্নটা অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল সংবাদ মাধ্যমগুলোতে। এর কারণও অবশ্য আছে, পিএসজির সঙ্গে এখনও চুক্তি নবায়ন করেনি আর্জেন্টাইন মহাতারকা। এদিকে মেসিকে পেতে রোনালদোর চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক অফার করেছে সৌদির ক্লাব আল হিলাল। এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদির প্রশংসা কারার পর দেশটিতে ঘুরতে গেছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী। এ ঘটনার পর সৌদিতে ফের মেসি-রোনালদো দ্বৈরথ দেখতে শুরু করেছেন অনেকেই।
শনিবার (২৯ এপ্রিল) সৌদি আরবের প্রকৃতির প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে সবুজ সৌদির একটি ছবি পোস্ট করেন মেসি। যাতে তিনি লেখেন, ‘কে ভেবেছিলো সৌদি আরবে এতো সবুজ আছে? আমি যখনই পারি সৌদি আরবের অপ্রত্যাশিত বিস্ময় অন্বেষণ করতে ভালোবাসি। সৌদি ঘুরে আসুন।’ এই ঘটনার পর মেসি নিজেও সৌদিতে ঘুরতে গেছেন পুরো পরিবার নিয়ে। সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব টুইট করেছেন, ‘আমি অত্যন্ত খুশির সঙ্গে সৌদি আরবের পর্যটনদূত মেসি আর তাঁর পরিবারকে সৌদি আরবে স্বাগত জানাচ্ছি।’ মেসির সৌদি সফর অবশ্য নতুন কিছু নয়। এর আগে ২০২২ সালে সৌদি আরবে গিয়েছিলেন মেসি।
মেসির এমন পোস্টের কারণ অবশ্য সৌদিতে ফেরা না। মূলত, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের পর্যটনবিষয়ক শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক মেসি। সে হিসেবেই তার এমন পোস্ট।
যদিও মেসির সৌদিতে ফেরার গুঞ্জন একে বারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেননা, সৌদিতে মেসি-রোনালদো দ্বৈরথ ফের চালুর জন্য মুখিয়ে আছে সৌদির ক্লাব ফুটবল। এর জন্য কাড়িকাড়ি টাকা ঢালতেও প্রস্তুত তারা। এখন অপেক্ষা কেবল মেসির সবুজ সংকেতের। এখন দেখার বিষয় ইউরোপীয় ফুটবলের মায়া ত্যাগ করে সৌদিতে থিতু হন কি-না মেসি।

