• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

ন্যানসির পুরস্কার চুরি : রিমান্ড শেষে কারাগারে গৃহকর্মী ও তার স্বামী

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ৮:০৬
আপডেট: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ৮:০৬

ন্যানসির পুরস্কার চুরি : রিমান্ড শেষে কারাগারে গৃহকর্মী ও তার স্বামী

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অলংকার চুরির মামলায় রিমান্ড শেষে গৃহকর্মী মোছা. তাহমিনা ও তার স্বামী শাকিলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক ছাদেক মিয়া। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৭ এপ্রিল তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরবর্তীতে গত ২ মে আদালত তাদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, তাহমিনা ও রিপা নামের দুজন ন্যান্সির বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। শাকিল তাহমিনাকে প্রায়ই বাসা থেকে নিত আসত। গত ৫ এপ্রিল বাসার কাউকে না জানিয়ে সে চলে যায়। এর আগে ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যায়।

এদিকে গত ১৮ এপ্রিল ন্যান্সি দেখতে পান আলমারিতে তার দুটি স্বর্ণের চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলংকার নেই। যার মূল্য তিন লাখ ২১ হাজার টাকা। এ ঘটনায় ন্যানসির ভাই শাহরিয়ার আমান সানি বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করেন।